নিজস্ব প্রতিনিধিঃ
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ই আগষ্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পার্বত্য মন্ত্রী ও ২৯৯নং আসনের সাংসদ অ্যাড. দীপেন দেওয়ান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি পুলিশ সুপার আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা নিশাত শারমিন, সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আহমদ আলীম ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মোঃ শাহিদুল ইসলাম খান।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে। এই চেতনাকে ধারণ করে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়নকে তরান্বিত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “একটি বৈষম্যহীন, স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণের জুলাই চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর সহাবস্থান নিশ্চিত করে দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে জুলাই আহত যোদ্ধাদের সম্মেলন ক্রেষ্ট প্রদান করা হয়।
এর আগে সকালে রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ ও জেলা বিএনপি সহ নানা শ্রেণি পেশার মানুষ ৩৬ জুলাই এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
