নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ই আগস্ট) নানিয়ারচর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ।
এসময় নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ, থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জুলফিকার আলী, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, নানিয়ারচর প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নতুন এই বাংলাদেশ কে সুন্দর করে গড়ে দিয়ে যেতে হবে। আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে থাকবেনা বৈষম্য। থাকবেনা দূর্নীতি, যুলুম ও নির্যাতন।
বক্তারা আরো বলেন, জুলাই কোন একক গোষ্ঠী বা ব্যক্তির নয়। ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই ৫ই আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।
অনুষ্ঠান শেষে ২৪এর গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

