নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় রাঙ্গামাটির জুরাছড়ি একাদশ ৪০-১৫ সেটে লংগদু উপজেলাকে পরাজিত করে।
রাঙ্গামাটি শহরের অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেসিয়ামে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি ২৯৯ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম ভূট্টো সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরে অনুষ্ঠানের সভাপতি বলেন, “আমাদের জাতীয় খেলা কাবাডিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং নারী অ্যাথলেটদের ক্রীড়া নৈপুণ্য বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাহাড়ি অঞ্চলে খেলাধুলার প্রসার তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ মানসিকতার নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। নারীদের এই কাবাডি টুর্নামেন্ট আঞ্চলিক ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি।” তিনি টুর্নামেন্টের সফল আয়োজনে সহায়তার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী দলগুলোর প্রতি শুভকামনা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে আগামীকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

