নিজস্ব প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে জেলার কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে অনুষ্ঠিত ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ও সাবেক শিক্ষা অফিসার অঞ্জলিকা খীসা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, পাহাড়ের নারীদের খেলাধুলায় এগিয়ে নিতে এই আয়োজন এক নতুন দিগন্তের উন্মোচন করলো। সঠিক চর্চা ও সুযোগ পেলে আমাদের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখ উজ্জ্বল করবে। ক্রীড়াঙ্গনের এই ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, প্রমিলা কাবাডি টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি পাহাড়ি-বাঙালি মেয়েদের আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির এক দুর্দান্ত মঞ্চ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরণের টুর্নামেন্ট আয়োজন করা হবে।
জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডি টুর্নামেন্টের ফাইনালে কাউখালী উপজেলা একাদশকে ৩১-২৪ পয়েন্টে পরাজিত করে প্রথম আসরের ঐতিহাসিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জুরাছড়ি উপজেলা একাদশ। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টন্টে জেলার ১০উপজেলা থেকে ১০টি প্রমিলা কাবাডি টিম অংশ নেয়।

