নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি পৌরসভার গেটের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক ক্বারী মাওলানা এম. এ. হান্নান জিলানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আফসার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আবদুর রব রাজা, এডভোকেট মালেক মিন্টু এবং খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জাতীয়তাবাদী ওলামা দলের খাগড়াছড়ি জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

