মাহাদী বিন সুলতানঃ
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মশিউর রহমান, পিএসসি, শারদীয় দুর্গাপূজা উৎসব ২০২৬ উপলক্ষে উপজেলার একমাত্র পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
গতকাল (১৯ অক্টোবর, সোমবার) রাতে নানিয়ারচর জোনের আওতাধীন নানিয়ারচর বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নানিয়ারচর জোন কমান্ডার পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় জোন কমান্ডার লেঃ কর্নেল মশিউর রহমান, পিএসসি বলেন, আমাদের অসাম্প্রদায়িক বাংলার সাংস্কৃতি ঐতিহ্যের দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক মিলনের উৎসব। এই দিনে সকল ধর্ম, বর্ণ ও নানা শ্রেণীর মানুষ মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে। বিশেষ করে চাকমা, তনচংগা, মারমাসহ অন্যান্য জনগোষ্ঠি তাদের নিজস্ব সংস্কৃতি, সংগীত এবং অতিথি পরায়ণতার মাধ্যমে এই উৎসবকে আরও বৈচিত্র্যময় ও বর্ণিল করে তোলেন।
বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন সর্বদা এ অঞ্চলের প্রতিটি জনগোষ্ঠির ঐতিহ্য ও সংস্কৃতিকে শ্রদ্ধা করে এবং পারস্পারিক শান্তি, নিরাপত্তা ও ভ্রাতৃত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠানসহ অন্যান্য সকল কার্যক্রম নিয়মিত ও সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগীতা করব এবং যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থাকবে বলেও জানান তিনি।
এ সময় সাবেক জেলা পরিষদ সদস্য দয়াল দাশ, নানিয়ারচর থানার ওসি তফিকুল ইসলাম, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধনন্জয় মল্লিক ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির জেনি চৌধুরী, নানিয়াচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার দাশ সহ মন্দির, পূজা কমিটির সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সনাতন ধর্মালম্বীদের এই উৎসবে সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণ উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলেও আশা ব্যক্ত করেন।
