মো. কামরুল ইসলামঃ
জাতীয় পর্যায়ে সম্মানজনক ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬ অর্জন করায় রাঙামাটির কৃতী সন্তান ও স্বপ্নবুনন যুব সংস্থার সদর উপজেলা সমন্বয়ক মো. সাইমুন ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান। এ উপলক্ষে সাইমুন ইসলাম ও স্বপ্নবুনন যুব সংস্থার প্রতিনিধিরা সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মৈত্রী চাকমা।
এ সময় স্বপ্নবুনন যুব সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নূর তালুকদার মুন্না, প্রধান সমন্বয়কারী আলী আশরাফ, মো. রবিউল, মহিউদ্দিন আসিফসহ সংগঠনটির অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬ এ পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার অর্জন করেন সাইমুন ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। তাঁর এ অর্জন রাঙামাটি জেলার জন্য গৌরব ও আনন্দের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্য দীপেন দেওয়ান সাইমুন ইসলামের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি স্বপ্নবুনন যুব সংস্থার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি সমাজের কল্যাণে তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে স্বপ্নবুনন যুব সংস্থার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি সাইমুন ইসলামের ভবিষ্যৎ স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের সক্রিয় অংশগ্রহণে এ অর্জন অনুপ্রেরণা হয়ে থাকবে।

