নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে।
শনিবার দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ শরীফুল ইসলাম।
আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকবৃন্দের এক আনন্দঘন ফটোসেশন অনুষ্ঠিত হয়।
এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং দেশপ্রেম, জাতীয় চেতনা ও মূল্যবোধ জাগ্রত করার প্রয়াস নেওয়া হয়।

