নিজস্ব প্রতিনিধিঃ
শোকসভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায় পালিত হয়েছে ভূষণছড়া গণহত্যা দিবস।
সোমবার (১ জুন) বিকেলে লংগদুর বাইট্টা পাড়ায় এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভায় বক্তারা বলেন, ভূষণছড়া গণহত্যাসহ অসংখ্য বর্বরোচিত ঘটনার শিকার হয়েছে পার্বত্য অঞ্চলের বাঙালিরা। কিন্তু আজ পর্যন্ত কোনও হত্যাকাণ্ডের বিচার হয়নি। উল্টো পাহাড়ে প্রতিনিয়ত অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ পাহাড়ি-বাঙালি উভয়ই এসব সন্ত্রাসীদের অব্যাহত হত্যা, চাঁদাবাজি ও নির্যাতনে অতিষ্ঠ। তাই পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তির সুবাতাস ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্রের ঝনঝনানি, হত্যা, গুম,খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনই রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের এই দিনে রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ও তার পার্শ্ববর্তী এলাকার জেএসএসের সশস্ত্র শাখা শান্তি বাহিনীর হাতে চার শতাধিক নিরীহ বাঙালি নারী-পুরুষকে নির্মমভাবে হত্যা করা হয়। যার বিচার দীর্ঘ চার দশকেও পায়নি নিহতদের স্বজনরা। প্রতি বছর এই দিনে নিহতের স্মরণে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি।

