বরকল প্রতিনিধিঃ
ভূষণছড়া গণহত্যার বিচারের দাবিতে বরকলের ভুষনছড়ায় “ভুষনছড়া জেনোসাইড ভিকটিম ফাউন্ডেশনের “উদ্দ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৪ সালের ৩১ মে রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ও তার পার্শ্ববর্তী এলাকার পাহাড়ী সন্ত্রাসী সংগঠন জেএসএসের সশস্ত্র শাখা শান্তি বাহিনীর সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া চার শতাধিক নীরিহ বাঙালি নারী-পুরুষকে নির্মমভাবে হত্যার পরবর্তী দীর্ঘ ৪২ বছরেও বিচার পায়নি নিহতদের স্বজনরা।
রোববার (৩১ মে) দুপুরে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও শোকসভায় ভূষণছড়া গনহত্যার সুষ্ঠ তদন্ত, খুনিদের বিচার ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের দাবি জানিয়েছে ভুষনছড়া গণহত্যায় নিহতদের স্বজনদের নিয়ে গঠিত, ভুষনছড়া জেনোসাইড ভিকটিম ফাউন্ডেশন ও এলাকাবাসী ।
পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের বরকল উপজেলা সভাপতি মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: তসলিম উদ্দিনের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা কোটা বিরোধী ঐক্য জোটের উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন বরকল উপজেলার যুগ্ম সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, মো: জাকির হোসেন, গ্রুপ লিডার আঃ রাজ্জাক পিসি, সমাজ সেবক সুলতান মন্ডল, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন নেতা ও স্থানীয় সাবেক মেম্বার জলিল,আব্দুস সবুর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ভূষণছড়া গণহত্যা সহ অসংখ্য বর্বরোচিত ঘটনার শিকার হয়েছে পার্বত্য অঞ্চলের বাঙালীরা। কিন্তু আজ পর্যন্ত কোন হত্যাকান্ডের বিচার করা হয়নি। উল্টো পাহাড়ে প্রতিনিয়ত অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ উপজাতিরাও তাদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না।
