মাহদী বিন সুলতানঃ
রাঙামাটির রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ৫০তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠান ঘিরে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজবন বিহারে ৫০তম কঠিন চীবরদান অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এই ব্রিফিং প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়াও রাজবন বিহারের ৫০তম কঠিন চীবরদান অনুষ্ঠান ঘিরে পুরো শহরজুড়ে পুলিশের কড়া নজরদারী রয়েছে বলেও জানান তিনি।
এ সময় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

