রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি সরকারি কলেজে অগ্নিনির্বাপণ, প্রাথমিক চিকিৎসা ও ভূমিকম্প-পরবর্তী উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ মহড়া সম্পন্ন হয়েছে। এতে কলেজের সকল বিএনসিসি ক্যাডেট স্বতঃস্ফূর্ত ও আন্তরিকভাবে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১১টায় রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া কার্যক্রমে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হকসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাসের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণের শুরুতে কলেজ অডিটোরিয়ামে একটি লেকচার সেশন অনুষ্ঠিত হয়। প্রায় ৪০ মিনিটের এ সেশনে তিনি অগ্নি নিরাপত্তা, অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং ভূমিকম্পকালীন সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে কলেজ মাঠে স্টেশন অফিসার নুরুল হুদার ধারাবর্ণনায় অগ্নিনির্বাপণ কৌশল, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের সঠিক পদ্ধতি এবং ভূমিকম্প-পরবর্তী জরুরি উদ্ধার বিষয়ক ব্যবহারিক মহড়া প্রদর্শন করা হয়। এ সময় বিএনসিসি ক্যাডেটরা গভীর আগ্রহ ও উৎসাহের সঙ্গে মহড়ায় অংশগ্রহণ করে।
মহড়া শেষে প্রশিক্ষণ কার্যক্রমের প্রতিক্রিয়া জানাতে কলেজের অধ্যক্ষ নিউটন দাস সংক্ষিপ্ত বক্তব্যে প্রশিক্ষণ মহড়ার ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবেলায় বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনে সহায়ক হবে বলে মন্তব্য করেন।

