নিজস্ব প্রতিনিধিঃ
মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন। মাদক ব্যবসায়ী ও কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙামাটি কোতয়ালী থানার আয়োজনে শহরের রিজার্ভ বাজার এলাকায় মাদকবিরোধী র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
মাদককে প্রতিরোধ করি, যুবসমাজকে রক্ষা করি’ এই প্রতিপাদ্যে মাদকবিরোধী সমাবেশে তিনি আরো বলেন, মাদক যুবসমাজ ও একটি প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং, রাঙামাটি পার্বত্য জেলার সভাপতি ও রাঙামাটি জজ কোর্টের জি.পি. অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ ইকবাল হোছাইন, (পিপিএম) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী (পিপিএম), কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন সহ উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

