মেহেদী হাসানঃ
রাঙামাটিতে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, দুর্গত মানুষের পুনর্বাসন এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সড়ক ও সেতু দ্রুত সংস্কারের পাশাপাশি কৃষি, মৎস্য ও ব্যবসা খাতের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এর আগে তিনি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে খাদ্য, পুষ্টিকর খাবার ও চিকিৎসাসেবা জোরদারের নির্দেশ দেন। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের ফাঁকা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসময় ২৯৯নং আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, রাঙামাটির জেলা প্রশাসক নাজ্মা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু, সহ সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
