নিজস্ব সংবাদদাতাঃ
বাঙালি জাতির ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ ঘিরে নানিয়ারচরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ এর সভাপতিত্বে এই সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির ঐতিহ্য। বিশ্বায়নের এই যুগের ছোয়া লেগেছে আমাদের প্রজন্মের মাঝে। তবে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের কে বুকে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। পরে বাংলা নববর্ষ উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে মাছে ভাতে বাঙালির প্রিয় অনুষ্ঠান পান্তা ইলিশ আপ্যায়ন করা হয়।
এ সময় নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর সরওয়ার কামাল, নানিয়ারচর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বেনজির আলম সরকার, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
বাংলা নববর্ষ ১৪৩৩ ঘিরে সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি নানিয়ারচর উপজেলা প্রাঙ্গন হতে নানিয়ারচরের প্রধান সড়ক হয়ে সিএনজি স্টেশন প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

