মাহাদী বিন সুলতানঃ
রাঙামাটির নানিয়ারচরে শহিদ জিয়া যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে প্রথমবারের মতো উন্মুক্ত শহিদ জিয়া স্মৃতি ফুটসাল টুর্ণামেন্ট ২০২৬ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় ঈগল স্পোটিং ক্লাব কে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে সংজুনি ক্লাব।
বুধবার (২৯ জুলাই) বিকেলে নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ।
অনুষ্ঠানে ২৪টি দলের অংশগ্রহনে ১৫দিনব্যাপি এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে ব্যতিক্রম ধর্মী আয়োজন করে যাচ্ছেন। এরই মধ্যে শেষ হলো নতুন কুড়ি ২০২৬। এর মাধ্যমে নতুন অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। কিছুদিন আগেই শেষ হলো বিশ্বকাপ। বিশ্বকাপের আমেজ এখনও যায়নি। আজকের এই খেলার মাধ্যমে ফুটবলের আমেজ আরো কিছুদিন টিকে থাকবে। খেলায় হার জিত থাকবে। সততা ও নিষ্ঠার সাথে খেলাধুলা করতে হবে।
নানিয়ারচর উপজেলা শহিদ জিয়া যুব ও ক্রীড়া সংঘের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম, নানিয়ারচর মৌসুমী ফল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও নানিয়ারচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুুর রশিদ।
দি চেঙ্গি চাইল্ড হোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়া ও জিয়া মঞ্চের রাঙামাটি জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় নানিয়ারচর থানার তদন্ত অফিসার মো. জহিরুল ইসলাম ও নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হাসান মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

