কামরুল ইসলাম আকাশঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গতকাল (৭ অক্টোবর) বিকেলে নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির উদযাপন কমিটির উদ্যোগে প্রতিমা তৈরি ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।
নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনকালে নির্বাহী কর্মকর্তা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে পূজার সার্বিক আয়োজন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু ধনঞ্জয় মল্লিক, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ সহ জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

