নিজস্ব প্রতিনিধি:
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যে নানিয়ারচরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা গেলে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এ সময় ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা, নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, নারী কারবারি সান্তনা চাকমা এবং ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়ন চাকমা সহ বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী বিথি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

