মেহেদী হাসানঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের ঘোষণার প্রতিবাদে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের খবর প্রকাশ হওয়ার পর থেকেই দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। পরে রাঙামাটির কাঠালতলী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল, “ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ” এবং “জোর করে পদত্যাগ মানি না, মানবো না”।
বিক্ষোভকারীরা দাবি করেন, শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে দীপেন দেওয়ানের পদত্যাগের বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। তাদের ভাষ্য, জাতীয় নির্বাচনের আগে তিনি ৩১ দফা কর্মসূচি নিয়ে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। দেশের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পর তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
নেতাকর্মীদের অভিযোগ, বিভিন্ন ধরনের চাপ এবং মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় স্বাধীনতার অভাবের কারণেই তিনি এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা প্রধানমন্ত্রীর ঘোষিত ‘রেইনবো ন্যাশন’ বাস্তবায়নের স্বার্থে দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রী পদে বহাল রাখার দাবি জানান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।
