কামরুল ইসলাম আকাশঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলার শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির হাতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দকৃত আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুর্গাপূজার সপ্তমীর দ্বিতীয় দিনে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর পেয়ারা বেগম শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে তিনি এই অনুদানের চেক তুলে দেন।
এবিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রদত্ত এ আর্থিক সহায়তা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে মন্দির পরিচালনা কমিটিকে সহযোগিতা করবে। পাশাপাশি নানিয়ারচর উপজেলার একমাত্র পূজা মন্ডপে ধর্মীয় উৎসব উদযাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
অনুষ্ঠানে নানিয়ারচর হর্টিকালচারের উদ্যানতত্ত্ববিদ জোবাইদুর রহমান ভাসানী, উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক সারওয়ার কামাল, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধনঞ্জয় মল্লিক, সাধারণ সম্পাদক সুজন দে, ছাত্রনেতা ও ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম সাইফ এবং শ্রীশ্রী জগন্নাথ মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি জনি চৌধুরী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মন্দির পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

