নানিয়ারচর প্রতিনিধিঃ
স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয়েছে।
সোমবার বিকেলে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন মেজর সাদাত মোঃ শাহরিয়ার শামীম শোভন।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখি পালন পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশু-পাখি পালন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের মাধ্যমে স্বল্প পুঁজিতেও লাভজনক খামার গড়ে তোলা সম্ভব। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে নিজেদের আর্থিক স্বচ্ছলতা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে নানিয়ারচর জোনের সামরিক কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট প্রশিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ২০ জন প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গবাদিপ্রাণি ও গৃহপালিত পাখির সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
