মাহাদী বিন সুলতানঃ
৬ষ্ঠ বারের মতো নানিয়ারচর গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
সভায় নানিয়ারচর রত্নাঙ্কুর বন বিহার অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির, খামারপাড়া বন বিহার অধ্যক্ষ মঙ্গলদর্শী মহাস্থবির, ডলুছড়ি শ্রাবস্থি ভাবনা কুঠির এর অধ্যক্ষ সমাধি আলো স্থবির ও দিবাত্তয় লেমুছড়ি বৌদ্ধ বিহার অধ্যক্ষ আধিরত্ন স্থবির ধর্মীয় দেশনা প্রদান করেন।
এর আগে কঠিন চীবর দান অনুষ্ঠানে আগত পুন্যার্থীরা বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান, কল্পতরু দান সম্পন্ন করে। পরে ধর্মীয় গুরুদের উদ্দেশ্যে রাতভর তৈরি করা কঠিন চীবর দান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই এলাকার মানুষের উন্নয়নে আমাকে জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। যাতে করে বৈষম্যহীনভাবে পার্বত্য এলাকার উন্নয়ন করা যায়। পাহাড়ি বাঙালি সহ সকল জাতি গোষ্ঠীর উন্নয়নে আমি কাজ করতে চাই।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ফারুক আহমেদ সাব্বির, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সহ সভাপতি রণ বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

