নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি সরকারি কলেজের সামনে শিক্ষার্থীদের ও সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য নির্মিত যাত্রী ছাউনিটি রাতের আধারে সংকুচিত করে দোকান নির্মাণ এবং তা ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়ছেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও গণপরিবহনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীরা।
শুক্রবার রাতে সরেজমিনে দেখা যায়, যাত্রীদের বসার ও অপেক্ষা করার জন্য নির্ধারিত জায়গার একটি অংশ দখল করে দোকান নির্মাণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, এই দোকান নির্মাণের ফলে আগে যেখানে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বসে যানবাহনের জন্য অপেক্ষা করতে পারতেন, বর্তমানে সেখানে পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কলেজ ছুটির সময় শিক্ষার্থী ও যাত্রীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে যাত্রী ছাউনির জায়গা সংকুচিত করে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, জনসাধারণের চলাচল ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে যাত্রী ছাউনিটি আগের অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।
দোকান নির্মাণ ও যাত্রী ছাউনি সংকুচিত করার বিষয়ে জানতে চাইলে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির সভাপতি মো. ফাহিম কে কয়েক দফায় ফোন করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি। তবে নতুন এই দোকানের ভাড়াটিয়া শুভ’র বাবা বাচ্চু জানান, আমরা দোকানটি ৩ লক্ষ টাকা সালামী দিয়েছি। এর মধ্যে ২লক্ষ টাকা পরিশোধ করেছি। বাকি ১লক্ষ টাকা পরিশোধ করব। লিখিত চুক্তির মাধ্যমে দোকান ভাড়া নিয়েছি বলেও জানান তিনি।
যাত্রী ছাউনির মেহমান ষ্টোরের পুরাতন ভাড়াটিয়া শাহআলম জানান, আমি ৪০বছর ধরে এই এলাকায় দোকানদারি করে আসছি। যাত্রী ছাউনিটি আগে আরো বড় ছিল। গত ২ মাস আগে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির নির্বাচন হয়েছে৷ নতুন কমিটি এসে বাড়তি দোকান ভাড়া আদায় করতে আরেকটি দোকান তৈরী করেছে৷ এতে করে যাত্রী ছাউনিটি ছোট হয়ে গেছে৷
এবিষয়ে রাঙামাটি সরকারি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নাসিমুল হক এর নিকট জানতে চাইলে তিনি জানান, গতকাল রাতে আমরা খবর পেয়েছি। আমরা খোঁজ নিয়ে জানতে জায়গাটা সড়ক ও জনপথ বিভাগের। জায়গাটা যেহেতু সড়ক ও জনপথ বিভাগের। সেহেতু এবিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
জানতে চাইলে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রাহাত আলম জানান, বিষয়টি আমি অবগত নয়। আমি এখনই খবর নিচ্ছি। কেউ সরকারি জায়গার যাত্রী ছাউনি অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করলে অফিসিয়ালি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

