মো. সোহেল রানাঃ
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মোঃ নুর উদ্দিন সোহাগ এবং আওয়ামী যুবলীগের রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি মোঃ সাদ্দাম হোসেন রয়েছেন।
রাঙামাটি জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন চন্দন দাশ, রাঙামাটি পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক; মোঃ পারভেজ মোশারফ হোসেন, আরিয়ান রিয়াজ, যিশু চৌধুরী, মোঃ রাকিব ও নাজমুল সাকিব রাফি—ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সদস্য; মোঃ হানিফ, রাঙামাটি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মোঃ সেলিম, শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালি থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
