কামরুল ইসলাম আকাশঃ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানিয়ারচর উপজেলার ২৪০ জন যুবক-যুবতীকে যুব প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।
গতকাল (বুধবার, ৪ নভেম্বর) নানিয়ারচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার চার শতাধিক আগ্রহী যুবক ও যুব মহিলার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ২৪০ জন কে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবক ও যুব মহিলাদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
তারা আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা।
নানিয়ারচর উপজেলা ছাত্রনেতা হাসান মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্প পরিচালক এস এ এম নুরুল আবছার, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

