মাহাদী বিন সুলতানঃ
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে নানিয়ারচরে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চিবরদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন (ইনভিনসিবল সেভেনটিন)।
সোমবার (২ নভেম্বর) বিকেলে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি’র নির্দেশনায় নানিয়ারচর কিনাপুতি জনবল বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবরদান অনুষ্ঠানে অংশ নেয় নানিয়ারচর জোনের প্রতিনিধিদল।
বিশ্বশান্তি কামনায় দায়ক দায়িকাগণ এসময় বৌদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার বাতি দান, কল্পতরু দান ও কঠিন চিবরদান সহ নানাবিধ দানানুষ্ঠান সম্পন্ন করে। পরে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বুদ্ধের শাসন ও বৌদ্ধ ধর্মীয় দেশনা (বাণি) প্রদান করেন।
এসময় নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসির পক্ষে ওয়ারেন্ট অফিসার অফিসার মো. ইকবাল কবির ভূঁঞা ও সার্জেন্ট নাজিম উদ্দিন বিহার পরিচালনা কমিটির হাতে নানিয়ারচর জোনের সৌজন্য উপহার তুলে দেন।
অনুষ্ঠানে নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, কিনাপুতি জনবল বৌদ্ধ বিহার সভাপতি প্রীতি আলো চাকমা, সাধারণ সম্পাদক দীপ্তিময় চাকমা, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কর্মকর্তা সরোয়ার কামাল, কিনাপুতি জনবল বৌদ্ধ বিহারের উপদেষ্টা বাবু ভুতেশ্বর চাকমা, রত্নাকুর বন বিহার কেন্দ্রের সভাপতি কমল কান্তি দেওয়ান ও সাধারণ সম্পাদক প্রভাত কুসুম চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে নানিয়ারচর জোনের প্রতিনিধিদল বিহারে পৌঁছালে বিহার পরিচালনা কমিটির সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
