নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু এবং পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ও শাশ্বত চাকমা রিংকুকে সংবর্ধনা দিয়েছে তবলছড়ির ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাব।
শনিবার (৩১ অক্টোবর) রাতে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মিডিয়া ও যোগাযোগ কমিটির যুগ্ম সদস্য সচিব আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
সবুজ সংঘ ক্লাবের সহ সম্পাদক আবুল হোসেন বালীর সঞ্চালনায় এসময় ক্লাবের সহসভাপতি মাহবুবুল বাসেত অপু, সাবেক কমিশনার আবু জাফর লিটন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সহযুগ্ম সম্পাদক মুজিবুল হক ও সাবেক সভাপতি মো. আব্দুস ছবুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু বলেন, “পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। পর্যটন খাতে পাহাড়ে আমরা বিপ্লব ঘটাতে চাই। একজন পর্যটক যেন এখানে এসে পাঁচ দিন অবস্থান করতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চাই। এর মাধ্যমে পাঁচ হাজার বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্য রয়েছে আমাদের।”
তিনি আরও বলেন, “নির্বাচনের পর থেকেই আমরা পার্বত্য জেলা রাঙামাটিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন এলাকার মানুষের উন্নয়নে কাজ করার জন্য। সামনে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। জেলা পরিষদকে আমরা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখতে চাই। কেউ কোনো ধরনের লেনদেন বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

