মাহাদী বিন সুলতানঃ
পাহাড়ি ও বাঙালি যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচর জোনের সার্বিক সহযোগিতায় ২০তম ভাই ভাই ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার বিকেলে দীর্ঘ প্রতিযোগিতার পর ফাইনালে মুখোমুখি হয় ঘাগড়া কাউখালীর ঘাগড়া ড্রাভিয়ন এফসি ক্লাব ফুটবল ক্লাব ও মানিকছড়ির সাপছড়ি রোজ একাদশ ফুটবল ক্লাব। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে মানিকছড়ির সাপছড়ি রোজ একাদশ ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি।
এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। যুবসমাজের মেধা, শক্তি ও উদ্যমকে ইতিবাচক কর্মকাণ্ডে কাজে লাগানোর পাশাপাশি মাদকাসক্তি, অপরাধ ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ স্থানীয় যুবসমাজের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।
সেনাবাহিনী জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন এ অঞ্চলের মানুষের কল্যাণ, শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নানিয়ারচর জোনের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় রেফারি ও লাইনসম্যান সহায়তা প্রদান করা হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ভাই ভাই ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম নিজামের সভাপতিত্বে এসময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ নাইম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সম্পাদক রণ বিকাশ চাকমা, ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, সাপছড়ি রোজ একাদশ ফুটবল ক্লাবের মোহাম্মদ হান্নান, আয়োজক কমিটির মো. আবু জাফর, মো. কবির হোসেন, মাসুম রানা ও হাবিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৫ই সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইসলামপুর ভাই ভাই ক্লাবের আয়োজনে এবং নানিয়ারচর জোনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে পার্বত্য অঞ্চলের মোট ৫৬টি দল অংশগ্রহণ করে।

