নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ।
রোববার রাঙ্গামাটি জেলা বিএনপির আয়োজনে জেলা পরিষদ কনফারেন্স কক্ষে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হারুনুর রশীদ হারুন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা। এছাড়াও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন বিএনপি নেতারা।
এসময় রাঙ্গামাটি জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন মঠ ও মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

