মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটসের ২০২তম কাব স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের অংশ হিসেবে আনন্দঘন পরিবেশে তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত তাবু জলসায় স্কাউটদের অংশগ্রহণে বিভিন্ন আনন্দদায়ক ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কোর্স লিডার ও বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিসকাতুল তামান্না, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় ও জাতীয় সদর দপ্তরের পরিচালনায় আয়োজিত এ চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন।
তাবু জলসায় অংশগ্রহণকারীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় কাটানোর পাশাপাশি স্কাউটিংয়ের মূলমন্ত্র—সেবা, শৃঙ্খলা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ চর্চার প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের প্রশিক্ষণ ও সহশিক্ষামূলক কার্যক্রম শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

