মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ইমাম আলা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইমাম আলা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
ইমাম আ’লা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ, মহালছড়ি শাখার সভাপতি মুহাম্মদ আলী, মহালছড়ি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার ও মহালছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আবুল কাশেম।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও জ্ঞান বিকাশে এ ধরনের কুইজ প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ অর্জনে আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি এবং ভবিষ্যতে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
অনুষ্ঠানটি ইমাম আ’লা হযরত (রহঃ) স্মৃতি নলেজ কুইজ আয়োজক কমিটি, মহালছড়ি উপজেলার উদ্যোগে আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

