কামরুল ইসলাম আকাশঃ
নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন (অতিরিক্ত দায়িত্ব) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, অনলাইন জুয়া, অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এসময় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা আইসিটি কমিটির সভা ও উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা সহ অন্যান্য উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, নানিয়ারচর জোন প্রতিনিধি সার্জেন্ট মুরাদ হাসান, থানা প্রতিনিধি এসআই দীপক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

