নিজস্ব প্রতিনিধিঃ
টাকার অভাবে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারছেনা জেনে দরিদ্র ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন নানিয়ারচরের এক ছাত্রদল নেতা।
সোমবার নানিয়ারচর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ বিষয়টি জানতে পেরে শিক্ষা সহায়তা নিয়ে গুলশাছড়ি এলাকার দরিদ্র ওই শিক্ষার্থীর পাশে পাশে দাঁড়ান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে তার মা অনেক কষ্টে সংসার চালানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার খরচ বহন করে আসছেন। মেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেও আর্থিক সংকটের কারণে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন ওই শিক্ষার্থীর মা।
এ বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে তার একাদশ শ্রেণিতে ভর্তির যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেন এবং তাৎক্ষণিকভাবে পরিবারটিকে আর্থিক সহযোগিতা করেন।
এদিকে শিক্ষা সহয়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই শিক্ষার্থীর মা। পরে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ায় ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় নানিয়ারচর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

