নিজস্ব প্রতিনিধিঃ
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকারিভাবে ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় এসব চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বিভিন্ন প্রজাতির ৫শত চারা তুলে দেওয়া হয়।
এসময় বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়।
এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, জনসচতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় নানিয়ারচর জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় নানিয়ারচর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ, সার্জেন্ট মুরাদ হাসান, বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব এলাহী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

