মো. কাউছারুল ইসলামঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহালছড়িতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহান রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ১৫০১তম জন্মবার্ষিকী তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইমাম আ’লা হযরত (রহ.)-এর স্মরণ কমিটি এই কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) মহালছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ জন ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহালছড়ি ইসলামী দাখিল মাদ্রাসায় এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের মাঝে ইসলামি ইতিহাস, ঐতিহ্য ও সাধারণ জ্ঞান চর্চায় আগ্রহ বাড়াতে আয়োজিত এ কুইজ প্রতিযোগিতাটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
প্রতিযোগিতা চলাকালীন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন।
এ সময় তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

