নিজস্ব প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানের রাঙামাটি আগমন উপলক্ষে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু রাঙামাটির গোদারপাড় এলাকায় পৌঁছালে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জেলা ও কাউখালী উপজেলা বিএনপির নেতাকর্মীরা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে জেলার বেতবুনিয়া, ঘাগড়া, মানিকছড়ি, ভেদভেদী, জিমনেসিয়াম ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা নতুন চেয়ারম্যান কে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা বিএনপি সকল উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় জেলা বিএনপির নেতারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদ আরও গতিশীল ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা তাদের।
এসময় নবনিযুক্ত চেয়ারম্যান সকলকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং রাঙামাটি পার্বত্য জেলার উন্নয়ন, জনকল্যাণ ও সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, নির্বাচনের পরে জেলার উন্নয়নমূলক কার্যক্রম সমূহ কে গতিশীল করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা পরিষদ পুনর্গঠন করেছেন। এর জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন জেলা পরিষদ সদস্যদের কে উপস্থিত সকল কে পরিচয় করিয়ে দেন।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল ও পৌর বিএনপির সভাপতি মাহমুবুবুল বাসেত অপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

