নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে উপস্থিত হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগদানপত্রে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নবনিযুক্ত চেয়ারম্যানকে স্বাগত জানান।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক
মাহাবুল বাসেত অপু, সাংগঠনিক সম্পাদক
শ্বাশত চাকমা রিনটু, জেলা জাসাসের সভাপতি কামাল হোসেন সহ রাঙামাটি জেলা বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে দীপন তালুকদারকে চেয়ারম্যান করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়। একই প্রজ্ঞাপনে ২০২৪ সালের ৭ নভেম্বর গঠিত পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল করা হয়।
নতুন পরিষদে চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রেখে ১৪ জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিষদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যান দীপন তালুকদার জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে ঘিরে রাঙামাটির বিভিন্ন মহলে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে জেলার দুর্গম ও পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন পরিষদ কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
