মেহেদী হাসানঃ
রাঙামাটি শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাসহ মোট ২০ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত এ অভিযানে কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সেবন, জুয়া এবং ‘ডেভিল হান্ট’ সংক্রান্ত কার্যক্রমে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালায় রাঙামাটি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সন্দেহভাজন এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি পরিচালনা করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার। তাদের বিরুদ্ধে ‘ডেভিল হান্ট’ সংক্রান্ত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক কেনাবেচা ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ১৭ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার আদালতে পাঠানো হবে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার মো. জসিম উদ্দিন বলেন, “শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কিশোর গ্যাং, মাদক, জুয়া কিংবা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরজুড়ে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
