নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন (আংশিক) কমিটি অনুমোদন কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরী হয়েছে। এঘটনায় ১৪৪ ধারা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
সোমবার (৪ মে) বিকেলে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন স্বাক্ষরিত ফৌজদারি কার্যাবিধি ১৮৯৮ অনুযায়ী ১৪৪ধারার আদেশ জারি করা হয়।
বিকেলে শহরের কাঠালতলী, পৌরসভা, বনরুপা ও আশপাশের এলাকায় ছাত্রদলের অনুমোদিত নতুন (আশিংক) কমিটির, পদ বঞ্চিত ও সংক্ষুব্ধ নেতাকর্মীদের ২ পক্ষের মাঝে ইট পাটকেল ও লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে নবগঠিত কমিটিতে বিবাহিত, অছাত্র, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যাক্তিদের অন্তর্ভূক্ত করা হয়েছে, যা সংগঠনের আদর্শেও পরিপন্থী এবং দ্রুত এই কমিটি বাতিল করে গ্রহনযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে পদ বঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। পরে নির্বাচিত কমিটির নেতাকর্মীরা পৌরসভা গেইট হতে মিছিল নিয়ে ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। সেনাবাহিনী এসময় লাঠিচার্জ করে আন্দোলনরত ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন।
এদিকে গতকাল একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আন্দোলন করে পদ বঞ্চিত নেতাকর্মীরা। পরে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির নবগঠিত এই কমিটি বাতিল করে নতুন কমিটি অনুমোদনের বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দেও সাথে কথা বলে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা জানান। কিন্তু একদিন পেরিয়ে গেলেও কোন সিদ্ধান্ত না জানালে আবারো বিক্ষোভে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা।
এবিষয়ে জানতে চাইলে রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির জানান, কেন্দ্রের সাথে আমরা কথা বলেছি। তারা এখনো কোন সিদ্ধান্ত জানায়নি। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আরো ৩/৪ দিন সময় চেয়েছে। এরই মধ্যে কোন সুরাহা আসবে বলেও জানান তিনি।
ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার বিষয়ে তিনি বলেন, আজকের ছাত্রদলের ২পক্ষের মাঝে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা ছাত্রদলের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করিনা। এসময় দলের নেতাকর্মীদের সহনশীল থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।
অপরদিকে এঘটনার পরেই দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি অলি আহাদ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সবাই দুর্দিনে একসাথে কাজ করেছি। আমাদের আর কোন চাওয়া পাওয়া নেই। আমাদের যে সকল ভাইয়েরা আন্দোলন সংগ্রাম করেছে, যে সকল ভাইয়েদের কমিটিতে জায়গা হয়নি। আমরা কথা দিচ্ছি আমরা তাদের কে যথাযথ মূল্যায়ন করবো। সকল কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ও জানান তিনি।

