নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির সনামধন্য প্রতিষ্ঠান লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলাম এইসি’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি সবগুলো স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে শিক্ষার্থীদের সাথে কথা বলে উৎসাহ প্রদান করেন। প্রজেক্ট প্রদর্শনী শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গণিত অলিম্পিয়াড ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াড এবং প্রজেক্ট প্রদর্শনে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে অধ্যবসায় ও অনুশীলনের মাধ্যমে আরও যোগ্য হয়ে উঠতে বলেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে খাঁটি বাংলাদেশী হওয়ার আমন্ত্রণ জানান। এই সময় প্রধান অতিথি নিজস্ব উদ্যোগে প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে পুরস্কার ঘোষণা করেন।
উল্লেখ্য, এর আগে গত ৩ ও ৪ মে যথাক্রমে গণিত অলিম্পিয়াড ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতায় শ্রেণিভিত্তিক চারটি করে গ্রুপ ছিল। বিজ্ঞান মেলায় শ্রেণিভিত্তিক গ্রুপগুলোতে শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

