বরকল প্রতিনিধিঃ
বরকলে পবিত্র মাহে রমজান ঘিরে এতিম ও কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) জোন।
সোমবার (২ ফেব্রুয়ারী) ছোট হরিনা ব্যাটালিয়ন বরকল উপজেলার ভুষনছড়া এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মীর পাড়া দারুল উলুম নূরানী তালীমুল কুরআন একাডেমিতে এই ইফতার সামগ্রী বিতরণ করেন, ১২ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোন কমান্ডার এসময় মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মত এমন দূর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ হতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের এতিম ও সুবিধাবঞ্চিদের মাঝে বিজিবির এই মানবিক উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

