মো. মহিউদ্দিনঃ
বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালক করে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৮ লক্ষ টাকার অবৈধ গোল কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি, মারিশ্যা জোন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মারিশ্যা জোন ২৭ বিজিবি’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোনের অধিনায়কের নির্দেশক্রমে, রিভারঘাট পোষ্ট এর হাবিলদার মোঃ রুস্তম আলী এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মোস্তফা কলোনী নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ চোরাচালানী সেগুন কাঠ ১৯৬.৬৯ ঘনফুট আটক করতে সক্ষম হয় বিজিবি। আটককৃত কাঠের বাজার মূল্য ৮লক্ষ ৪৫হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারীদের বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ফলে মারিশ্যা জোন চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

