লংগদু প্রতিনিধি :
তীব্র শীতে বিপর্যস্ত রাঙ্গামাটির লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)।
সোমবার (০৫ জানুয়ারি) সকালে রাজনগর জোন সদরে পাহাড়ি অঞ্চলের শতাধিক অসহায় পাহাড়ি ও বাঙালি মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকা হাসনা হেনা।
এ সময় তিনি বলেন, পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মননশীলতা বৃদ্ধি এবং সুশিক্ষা বিস্তারের লক্ষ্যে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়দের মতে, শীতের এই দুর্দিনে এমন সহায়তা শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করেছে। কম্বল পেয়ে উপকৃত মানুষজন সীমান্ত পরিবার কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

