নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মানিকছড়ি উপজেলার রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয় মানিকছড়ি উপজেলা একাদশ ও গুইমারা উপজেলা একাদশ।
এসময় অতিথিদের সঙ্গে নিয়ে পায়রা উড়িয়ে ম্যাচের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী।
উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে উভয় দল একটি করে গোল করায় ১-১ গোলে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে গুইমারা উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মানিকছড়ি উপজেলা একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. মোরতোজা আলী খাঁন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রধান সংগঠক মিজানুর রহমান, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পাহাড়ি-বাঙালির মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
এদিকে আয়োজনের অংশ হিসেবে দুপুরে মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। সামাজিক সম্প্রীতি ও মানবিক সহায়তার এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

