মো. মোজাফফার আহমেদঃ
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিলাইছড়িতে ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং পড়ালেখার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
সভায় উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। অনেক সময় পারিবারিক কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। যার ফলে তাদের পড়ালেখায় বিঘ্ন ঘটে। শিক্ষকরা অভিভাবকদের প্রতি নিয়মিত তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর ও আহ্বান জানান।
শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা, একই সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখার কথা জানান বক্তারা।
সভায় উপস্থিত সবাই শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। এই ধরনের সভা নিয়মিত অনুষ্ঠিত হলে বিলাইছড়ি উপজেলার শিক্ষাব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা ব্যক্ত করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

