নিজস্ব প্রতিনিধিঃ
দেশের বর্তমান ও ভবিষ্যত প্রেক্ষাপটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সহ জনসচেতন মূলক কর্মসূচির উদ্দেশ্যে উঠান বৈঠকের আয়োজন করেছে রাঙামাটি জেলার লংগদু উপজেলার রাজনগর (৩৭) বিজিবি জোন।
মঙ্গলবার সকালে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় বিজিবি ক্যাম্প সংলগ্ন পোকশাপাড়া নামক এলাকায় পাহাড়ি-বাঙালী, নারী-পুরুষ’সহ সকল জনসাধারণের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায়, রাজনগর (৩৭) বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন পিএসএসি এর সভাপতিত্বে এসময় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া, প্রভাষক মোহাম্মদ বাদশা আলম ও স্থানীয় বয়োবৃদ্ধ, স্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
এসময় জোন কমান্ডার তাসকিন, স্থানীয় জনসাধারণকে নির্বাচনি বিধি-বিধান ও করণীয়, ভোটারদের অধিকার, নির্বাচন চলাকালীন আচরণবিধি লঙ্ঘন, আইন মেনে চলার ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। এছাড়াও, কোন প্রকারের ভয়-ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে, অভয় প্রদান করেন। যদিও’বা কেউ নির্বাচনকালী সময়ে কোন প্রকারের সহিংসতা বা সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করার চেষ্টা করে, বিজিবি তা কঠোরভাবে প্রতিরোধ করবে বলে হুশিয়ারী দেন তিনি।
এছাড়াও, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করে আশু ব্যবস্থা গ্রহণের অঙ্গিকার করেন।
জনসচেতনতা বৃদ্ধি, সুন্দর দেশ ও সমাজ গঠনে সবার উদ্দেশ্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব থেকে সকলকে বিরত থাকার পরামর্শ দিয়ে, সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ থাকা সহ শিক্ষা বিস্তার ও পরিবেশ রক্ষায় নিরলস ভূমিকা পালনের প্রেষনাও প্রদান করেন তিনি।
সভা শেষে ইউপি সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া সহ স্থানীয়রা সময় উপযোগী এমন কার্যকারী ও গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করায় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসএসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

