আহমদ বিলাল খানঃ
শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ইসলামী জ্ঞান ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা। এতে বিভিন্ন উপজেলার স্কুল ও মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী সনদ ও পুরস্কার পেয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশন (ইফা) রাঙ্গামাটি জেলা কার্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি ইফার উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় ইসলামী জ্ঞান, রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা, কেরাত, হামদ-নাত ও আজানসহ মোট সাতটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে জেলা পর্যায়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা এসব বিভাগে নিজেদের মেধা ও প্রতিভার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। বর্তমানে প্রযুক্তি ও বিভিন্ন ডিভাইসের ওপর নির্ভরতা বেড়ে যাওয়ায় পাঠ্যবই পড়ার জন্যও পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না। অথচ পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞানের বিশাল ভান্ডার রয়েছে, যা জানা ও শেখা প্রয়োজন।
তিনি আরও বলেন, এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের সামনে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। সেখানে উত্তীর্ণ হলে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এ জন্য শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জনেও নিয়মিত পড়াশোনা করতে হবে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজির আহমদ, সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ, বাঘাইছড়ি উপজেলার ফিল্ড সুপারভাইজার নাছির উদ্দীন, কাউখালী উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. আবু বকর, জেলা কার্যালয়ের হিসাবরক্ষক মো. সালা উদ্দিন আহমেদ, কাপ্তাই উপজেলার ফিল্ড সুপারভাইজার এম মঈনুল আলম মুবিন এবং লংগদু উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. জয়নুল আবেদীন।
