রাঙামাটি প্রতিনিধি :
ধর্মীয় কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন একটি মসজিদে আধুনিক এমপ্লিফায়ার মেশিন প্রদান করেছে।
রোববার (১১ জানুয়ারি) রাঙামাটি সদর জোনের প্রতিনিধি লেফটেন্যান্ট সাদমান রাফিদ বিন আজম সিএইচটি টাইমস ২৪.কম-এর প্রতিবেদক মেহেদী হাসানের হাতে আনুষ্ঠানিকভাবে এমপ্লিফায়ার মেশিনটি হস্তান্তর করেন।
এ সময় লেফটেন্যান্ট সাদমান রাফিদ বিন আজম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানুষের কল্যাণে কাজ করে। সমাজে নৈতিকতা ও সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সাংবাদিক মেহেদী হাসান সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই এমপ্লিফায়ার মেশিনের মাধ্যমে মসজিদের আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম আরও স্পষ্ট ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।
এ উদ্যোগকে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী স্বাগত জানান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

