নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে ১৩বছর বয়সী আব্দুর রহমান মুন্নাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানবস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় শহরের মহিলা কলেজ সড়কে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত মুন্না পলাতক ছিলো।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে শিশুটি তার নিজ বাসার সামনে থেকে তারই চাচাতো ভাই মুন্না তাকে জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। নির্যাতনের পর শিশুটি নিজের ঘরে ফিরে গেলে তার বড় বোন শরীরে রক্ত দেখতে পান। বোনকে সব কথা খুলে বলার পর স্বজনরা তাৎক্ষণিক তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার পর পরই অভিযুক্ত মুন্নাকে খুঁজে বের করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানবস্তি এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

