নিজস্ব প্রতিনিধিঃ
পাহাড়ে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি’র) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের বনরূপাস্থ পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে পার্বত্যাঞ্চলের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।
পিসিএনপি’র রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পিসিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপি’র রাঙামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক।
সংবাদ সম্মেলনে মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফের সন্ত্রাসী কর্তৃক পার্বত্যাঞ্চলে প্রায় ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উত্থাপন করা হয়।
এর মধ্যে ৪৭টি অপহরণ ও ১৬টি হত্যাকাণ্ড, শিশু ও নারী নির্যাতন, চাঁদাবাজি ও অর্থ দাবি, ভূমি দখল ও হামলা, অপতথ্য ও আন্তঃসীমান্ত অপরাধ সহ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর চলমান অপরাধ ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পিসিএনপি’র নেতারা।
বক্তব্যে পিসিএনপি নেতারা জানান, কেবল আইনশৃঙ্খলা মূলক ব্যবস্থা নয়—বরং ভুক্তভোগীদের সুরক্ষা, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ, ভূমি বিরোধের ন্যায়সংগত নিষ্পত্তি এবং সমান অধিকার নিশ্চিতের মাধ্যমেই পার্বত্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।
বক্তারা আরো বলেন, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও অবৈধভাবে ভূমি দখল পাহাড়ে স্থানীয়দের মাঝে দিন দিন অস্থিরতা তৈরি করেছে। এ পরিস্থিতি রুখে দিতে না পারলে পাহাড়ে দীর্ঘমেয়াদি সংঘাত দেখা দিতে পারে বলেও জানান তারা।
এসময় পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন, যুব পরিষদের রাঙামাটি জেলা সভাপতি হিরো তালুকদার, সাধারণ সম্পাদক নূর ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ পিসিএনপি, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ, যুব পরিষদ এবং ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

